গাজীপুরের বিভিন্ন এলাকায় পৃথক চারটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) কালিয়াকৈর, শ্রীপুর এবং রাজেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাগুলোর মধ্যে একটি ঘটেছে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায়, যেখানে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল নামের এক যুবকের মৃত্যু হয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, "বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।"

নিহত শাকিল (৩১) টাঙ্গাইল জেলার মধুপুর থানার টেকিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

অন্যদিকে, শ্রীপুরে ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে বেপরোয়া গতির ডাম্প ট্রাকের চাপায় তারা বানু (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে আরও চারজন গুরুতর আহত হন। নিহত তারা বানু উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।

নিহতের ছেলে মো. মাইনুদ্দিন জানান, "দুপুরের দিকে অটোরিকশায় চড়ে পাশের বরমী বাজারে ওষুধ কিনতে যান তার মা। বাজারে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।"

পৃথক এক ঘটনায় শ্রীপুরের লতিফপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার খান্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে এবং স্থানীয় রবিউল ইসলামের বাড়িতে কাজ করতেন। জানা গেছে, বুধবার রাতে কাজ শেষে গোসল করে উঠানে কাপড় শুকানোর তারে ভেজা কাপড় মেলতে গিয়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা তারের স্পর্শে তিনি প্রাণ হারান।

এছাড়া বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন ইউটার্নে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল ইসলাম জানান, "অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।"