জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে বুড়িগঙ্গা নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিসুর রহমান খোকন তালুকদার। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত এই সেমিনারে তিনি পদ্মা সেতুর প্রভাব ও নদীর বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সেমিনারে খোকন তালুকদার বলেন, “পদ্মা সেতুর উপর দিয়ে যখন মাদারীপুরে আমার গ্রামে যাই, ডানে তাকাই দেখি— চর, বামে তাকালেও দেখি চর। নিচে তাকালে চোখে পড়ে শুধু চর আর চর। পদ্মার ঢেউ আর খুঁজে পাওয়া যায় না। মানুষের যেমন কোমর, ঘাড়, হাঁটু ভেঙে দিলে কোনো অস্তিত্ব থাকে না, ঠিক তেমনই নদীর উপরে ব্রিজ করলে নদীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।”

নদী রক্ষায় বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি— দ্বিতীয় পদ্মা সেতু না করে সেটা যদি টানেল হয়, তাহলে নদীটাও বাঁচবে, মানুষও উপকৃত হবে। ৪০ হাজার কোটি টাকা দিয়ে আপনি একটি ব্রিজ করতে পারবেন। কিন্তু ৪০ কোটি টাকা দিয়ে আপনি কিন্তু একটা পদ্মা নদী বানাতে পারবেন না। এজন্য এটার রক্ষার দায়িত্বও কিন্তু আমাদেরই।”

প্রকৃতি ও সম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আল্লাহ সবকিছু সৃষ্টি করে দিয়েছেন, আর মানুষকে সেরা বানিয়ে দিয়েছেন। অতএব এই সম্পদকে ভোগ ও বাস উপযোগী করার জন্য আমাদেরকেই রক্ষা করতে হবে। যখনই এই নদীর ওপরে কোনো আঘাত আসবে তখন সেই নদীর পাশে গিয়ে দাঁড়াবে সরকার এবং যারা কাজ করছেন তারা।”