চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে মোহরা এলাকায় রিকশায় করে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাকিব চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিকশায় করে বাড়ি ফেরার সময় মোহরা এলাকায় পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি সাকিবকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন রাতে মুক্তকণ্ঠকে বলেন, "মুঠোফোন নিয়ে পূর্ববিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।"