রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বারেক শেখ ওই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ ও মৃত খদেজান বেগমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বারেক শেখ নিজ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ করে রাখেন। পরবর্তীতে বিদ্যুৎ আসার পর তিনি যখন মেশিনটি পুনরায় চালু করতে যান, তখন পাশের টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তার লেগে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার এসআই আকবর মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।