নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, কেউ একজন পানিতে পড়ে গেলে, তাকে তুলতে গিয়ে অন্যরাও মারা গেছে।
মৃত শিশুরা হলো—উপজেলার খানপাড়া এলাকার ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। ওজাইফার বাবার নাম আল আমিন, আফসার বাবার নাম মুন্না মিয়া এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর আলম ও রুবাইয়ার বাবার নাম মো. রাকিব। তাঁরা স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চার শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল জানান, দুটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। চার শিশুই হাসপাতালে আনার আগেই মারা গেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের ধারণা, গোসল করতে কেউ হয়তো পড়ে গেছে, তাকে তুলতে গিয়ে অন্য শিশুরা পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।