বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য অন অ্যারাইভাল এবং ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া এখন থেকে অনলাইনে সম্পন্ন করা যাবে। গতকাল বুধবার থেকে এই বিশেষ পরিষেবাটি পুরোদমে চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, "এখন থেকে যেসব বিদেশি যাত্রী বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে চান, তাঁরা অনলাইনেই আবেদন করতে পারবেন।"

নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় একটি কিউআর কোড স্ক্যান করে ভ্রমণকারীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকেই অন অ্যারাইভাল ভিসার আবেদন ফরম পূরণ করা সম্ভব হবে।

কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থার ফলে বিদেশি ভ্রমণকারীরা বাংলাদেশে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় আবেদন সম্পন্ন করতে পারবেন। এতে করে বিমানবন্দরে এসে ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করতে তাঁদের অনেক কম সময় লাগবে। শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের নিজস্ব ওয়েবসাইটেও অন অ্যারাইভাল ভিসার আবেদনের এই নতুন ব্যবস্থা চালুর তথ্য প্রদান করা হয়েছে।