নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ডিবি পরিদর্শকের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে ‘রিলাক্স’ নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে ৮ জন যুবতিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— চাটখিল উপজেলার তালতলা গ্রামের আবু নাছের শরীফ (৬৩), চট্টগ্রামের মিরসরাই থানা এলাকার মো. ইমন হোসেন (৩২), চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মো. হানিফ (৩৫), চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাফায়েত হোসেন সাকিব (২৭), বরিশালের বড় জালিয়া গ্রামের রিনা বেগম (৩৪), সুনামগঞ্জের লালপুর গ্রামের স্নেহা আক্তার (২১), ঢাকার যাত্রাবাড়ীর মাইশা আক্তার (১৮), সুধারাম থানার সল্যা সোনাপুর এলাকার ইসরাত জাহান পূর্ণিমা (১৮), নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা আক্তার নুসরাত (১৮), একই ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), বেগমগঞ্জের হাজীপুর গ্রামের মরিয়ম আক্তার (৩০) ও নওগাঁ জেলার বদলগাছী গ্রামের মিম আক্তার (২৮)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"