টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অভিযান চালিয়ে রনি নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। আটক রনি মধুপুর গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের অনুসারী এবং তার ছত্রছায়ায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের শেনের চর এলাকায় ওমর ফকিরের বাড়িতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয় সচেতন যুবকদের সহায়তায় রনিকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৩৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক রনি মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের আমিল গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইয়াবা কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযানে সহায়তা করা স্থানীয় যুবক আল আমিন বলেন, "আমরা কয়েকজন তরুণ একত্রিত হয়ে প্রথমে প্রশাসনকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করি। পরবর্তীতে পুলিশ ও যুবসমাজের যৌথ উদ্যোগে রনিকে আটক করা সম্ভব হয়। মাদকমুক্ত গোপালপুর গড়তে আমরা এলাকার সবাই ঐক্যবদ্ধ রয়েছি।"

এই ঘটনার প্রেক্ষিতে গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, "মাদক ব্যবসায়ী বা অপরাধী যে দলেরই হোক না কেন, বিএনপির পক্ষ থেকে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে দলীয় অবস্থান অত্যন্ত কঠোর।"

অন্যদিকে, গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান খালেদ জানান, রনি গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সঙ্গে চলাফেরা করলেও দলীয় কোনো পদে তার নাম নেই। তিনি আরও বলেন, "রনির দলে কোনো পদ না থাকায় তার ব্যক্তিগত কোনো অপরাধের দায় দল বহন করবে না। তবে সাবেক সাধারণ সম্পাদক লিটনকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে; মাদকের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।