ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধভাবে গরু আনার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে মুর্শিদাবাদ জেলার সুতি থানার সূজনীপাড়া রতন মোড় ও ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়টি গরুসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতরশিয়া এলাকার মতিন মিয়ার ছেলে মো. কালু হোসেন (৩২) এবং শিবগঞ্জ উপজেলার নিশিপাড়া এলাকার তাজউদ্দীনের ছেলে মো. আশিক (৩৫)। তবে ভারতীয় পুলিশের নথিপত্রে তাদের নাম আব্দুস সামাদ ওরফে কালু ও অসিকুল হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) জহুরপুর বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের ৭১-নুরপুর ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে সীমান্ত পেরিয়ে গরু আনার সময় সুতি থানা পুলিশ তাদের ধরে ফেলে। পরবর্তীতে তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়।

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, "বিজিবির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি; বিষয়টির খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।"