চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় তিনতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তি জুম্মান (৩৪), শহরের কয়লাঘাট এলাকার হাবিব হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির উদ্দেশ্যে জুম্মান জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের একটি তিনতলা ভবনে ঢুকেছিলেন। সেখানে থাকাকালীন অসাবধানতাবশত তিনি ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে জুম্মানের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, "ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"