সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইমরান হোসেন সুলতান নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া এলাকার আবুল হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তুরাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী ইমরান হোসেন সুলতানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, "গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।"