শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছে।

আহতদের তালিকায় রয়েছেন ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় একটি কুকুর ঘুরে বেড়াত। তবে বৃহস্পতিবার সকাল থেকে কুকুরটি হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। পথচারী, দোকানদার এবং স্কুলশিক্ষার্থীসহ সামনে যাকে পাচ্ছে, তাকেই তাড়া করে কামড়াচ্ছে প্রাণীটি। এমনকি রাস্তার পাশের ভবঘুরে ব্যক্তি এবং দোকানের ভেতরে থাকা লোকজনও তার আক্রমণ থেকে রক্ষা পাননি।

কুকুরটির এই তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না এবং সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম সিদ্দিক বলেন, "কুকুরের কামড়ে আহত অন্তত ১০ জনকে আমাদের হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) মজুত রয়েছে।"

এদিকে, কুকুরটিকে চিহ্নিত করে দ্রুত নিয়ন্ত্রণের বিষয়ে ডামুড্যা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দীন আইয়ুবির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।