রোহিঙ্গাদের উপস্থিতির কারণে দেশের পরিবেশের ক্ষতি হচ্ছে এবং তারা মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি জানান, এই সংকটের ফলে দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
জেনারেল ওয়াকার বলেন, “রোহিঙ্গাদের উপস্থিতি দেশের ওপর বহুমুখী চাপ তৈরি করছে। তারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।”
অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।
এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মোট ৩৭ জন ফেলো অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে এই কোর্সটি।