খুলনা নগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় গুলি ও ছুরিকাঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল আশিবিঘা এলাকার মো. খোকনের ছেলে এবং তিনি তাঁর বাবার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হয়। বুধবার বিকেলে সেই মাঠে ফুটবল খেলা নিয়ে মঞ্জুরুলের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। খেলা শেষে মঞ্জুরুল তাঁর এক বন্ধুকে নিয়ে আশিবিঘা কালভার্টের পাশে বসেছিলেন। সেই সময় কয়েকজন সেখানে এসে পুনরায় তাঁর সঙ্গে কথা-কাটাকাটি শুরু করে এবং একপর্যায়ে তাঁকে গুলি ও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে শুধু ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, “আশিবিঘা এলাকায় ‘সাইফি গ্রুপ’ ও ‘রাজু গ্রুপ’ নামে দুটি সন্ত্রাসী গ্রুপের তৎপরতা ও বিরোধের তথ্য পুলিশের কাছে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কোনো গ্রুপের সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় মঞ্জুরুলের সঙ্গে থাকা তাঁর এক বন্ধুকে খুঁজে পাওয়া গেছে। তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। কারা এই হামলায় জড়িত ছিল, প্রকৃত কারণ কী এবং এর সঙ্গে কোনো সন্ত্রাসী গ্রুপের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।