কুমিল্লার হোমনা সরকারি কলেজের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দ্বাদশ শ্রেণির সাত শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বাইক পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আহত শিক্ষার্থীদের পরিচয় পাওয়া গেছে— তারা হলেন রায়হান, হিমেল, জুবায়ের, আব্দুল্লাহ, নাইম, ইমরান ও প্রান্ত। তাদের দ্রুত চিকিৎসার জন্য হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রধান ফটকের সামনে বাইক পার্কিং নিয়ে কয়েকজন বহিরাগত যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরপর ওই যুবকেরা আরও লোক নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে হকিস্টিক, সুইচগিয়ার ছুরি ও দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহত শিক্ষার্থী রায়হান জানান, "হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে সুমন, রতন ও আল-আমিন নামে কয়েকজন ছিল। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ নেওয়া হয়নি।"
অন্যদিকে, আহত শিক্ষার্থী নাইম বলেন, "কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে যেতে বাধ্য হব।"
এই বিষয়ে হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন মো. সেলিম ভূঁইয়া মুক্তকণ্ঠকে জানান, "আমি ট্রেনিং এ আছি। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য শিক্ষকদের দায়িত্ব দিয়েছি।"
ঘটনার বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া মুক্তকণ্ঠকে বলেন, "উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথমে দরোয়ানের সঙ্গে ঝামেলা করে। পরে শুনছি, আরও কয়েকজনকে সে নিয়ে এসে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।"
তিনি আরও জানান, এ বিষয়ে যথাযথ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।