খাগড়াছড়ি পৌর শহরের সকল শপিং মল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে রাত ৮টার পর বন্ধ থাকার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন। তবে ওষুধের দোকান, ভাতের হোটেল এবং জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টায় শহরের বিভিন্ন ব্যবসায়িক এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় তিনি ব্যবসায়ীদের এই নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করেন।

বিষয়টি ব্যাখ্যা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, "বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা ও বন্ধ রাখার বিষয়ে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেছে। নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।"

তিনি আরও জানান, "রাত ৮টার পর ওষুধের দোকান ও ভাতের হোটেলসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে।"

আগামীকাল থেকে রাত ৮টার পর জরুরি সেবার বাইরে কোনো দোকান খোলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।