কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় দম্পতির মেয়েসহ আরও তিন ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন বড় আজলদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে— পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকার কাগারচর গ্রামের নূর মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নূর মিয়ার মেয়ে মর্জিনা বেগম (৩৫), মো. মাহিন (১৭) ও অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর (৩৫)। জানা গেছে, আহত তিনজনেরই বাড়ি কাগারচর-মঠখোলা এলাকায়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে নূর মিয়া তার স্ত্রী ও মেয়েকে নিয়ে অটোরিকশায় করে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। বড় আজলদী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশের একটি জমিতে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় নূর মিয়া ও আনোয়ারা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "নিহত স্বামী-স্ত্রীর মরদেহ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"