জরুরি রক্ষণাবেক্ষণ এবং নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগ ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই কারণে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—বনপাড়া ফজলীতলা, পার আহমেদপুর, আহমেদপুর বাজার, ক্ষুদ্রকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া (আংশিক), কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।
তবে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সেবার মান নিশ্চিত করতে পরিচালিত এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।