ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতরা চিকিৎসা ও ব্যক্তিগত কাজে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে তাদের পরিবার।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে তাদের পরিবারে অগ্নিকাণ্ড ও মৃত্যুর খবর পৌঁছায়।

নিহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে এস এম আলিমুজ্জামান সাজু (৪৫) এবং একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার।

নিহত আলিমুজ্জামান সাজুর স্বজন মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরের ব্যথার চিকিৎসার জন্য ৫-৬ দিন আগে ভারতে যান পেশায় ঘের ব্যবসায়ী সাজু। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু রাতে কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর আসে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত দুইটার দিকে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রাইটের একটি হোটেলে আগুন লাগে। এই দুর্ঘটনায় মোট ৯ জন মারা যান, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা অন্তত পাঁচজন। হোটেলটিতে বেশ কয়েকজন বাংলাদেশি অবস্থান করছিলেন বলে জানা গেছে।