চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে পূর্ব ঘোষণা ছাড়াই স্পিডবোট চলাচল বন্ধ রাখায় সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে বসেই প্রাণ হারিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭০)।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহিত মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের কাসেম মার্কেট সংলগ্ন রহমতেরগো বাড়ির বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, লিভারজনিত অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে সিরাজ উদ্দিনকে স্থানীয় গাছুয়া স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।
নিহতের ভাতিজা রেজাউল করিম বলেন, "সকাল ৯টার দিকে চাচাকে নিয়ে গুপ্তছড়া ঘাটে আসি। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নেওয়ার জন্য স্পিডবোটের খোঁজ করলে তারা বোট বন্ধ থাকার কথা জানায়। তখন ভাটা থাকায় ফেরি, স্টিমার কিংবা পণ্যবাহী নৌযানেও যাওয়ার সুযোগ ছিল না। নৌযানের অপেক্ষায় ঘাটে বসে থাকতে থাকতেই সাড়ে ১১টার দিকে চাচার মৃত্যু হয়।"
কুমিরা-গুপ্তছড়া রুটে বিআইডব্লিউটিএ অনুমোদিত স্পিডবোট পরিচালনাকারী আদিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলুল হোসেন নয়ন জানান, গুপ্তছড়া ঘাটের কাউন্টারে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে তারা বোট চলাচল বন্ধ রেখেছেন। তার দাবি, নিরাপত্তা নিশ্চিত করা না হলে সার্ভিস চালু করা সম্ভব নয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তির দাবি, এই সংকটের মূলে রয়েছে ইজারাদারদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তিনি জানান, আগে এই ঘাটের ইজারাদার ছিলেন সন্দ্বীপের সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং তার পার্টনার ছিলেন নয়ন। গত ৫ আগস্টের পর কাগজে-কলমে ঘাট নয়নের নামে দেওয়া হয় এবং আনোয়ার হোসেনের অংশ হস্তান্তর করা হয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদের কাছে। দীর্ঘ দিন ধরে ওই অংশের পাওনা পরিশোধ করছেন না নয়ন, আর এই দ্বন্দ্বের কারণেই স্পিডবোট বন্ধ রাখা হয়েছে বলে ওই ব্যক্তি জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক নয়ন শীল এই বিষয়টিকে ব্যবসায়িক দ্বন্দ্ব হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, দ্রুত বোট চলাচল চালু না করলে সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানান, স্পিডবোট বন্ধের বিষয়ে ইজারাদারদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এক মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর তিনি পেয়েছেন। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।