রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 'রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন' (রোমো) নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহীর অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফা।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফা এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলী। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম হোসেন ও মিরর নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সালমান হোসেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন দৈনিক গণজাগরণের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম রহমান, ডেইলি সিটিজেন ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার জোবায়ের আলী এবং আরসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তুরিন আলম।

সভায় রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা, পারস্পরিক সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা পেশাগত মানোন্নয়ন, ঐক্য জোরদার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পর সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো, আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে রোমোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাংবাদিকতার ক্ষেত্রে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।