খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। জানা গেছে, মঞ্জুরুল পড়াশোনা করলেও পরিবারের আর্থিক অনটনের কারণে তা চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে তিনি বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন।

মঞ্জুরুলের স্বজনদের দাবি, তার সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না এবং এলাকায় তিনি একজন ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যায় এলাকায় অবস্থান করার সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা বাবা খোকন ও স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।"

তিনি আরও জানান, "ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।"