চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের পুশইন করা হয় বলে জানা গেছে।

পুশইনের পর তারা জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন— বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশ করেন এবং জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়দের নজরে পড়লে তারা আটকের শিকার হন। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ মুক্তকণ্ঠকে জানান, "আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না তা জানতে চাইলে ওসি বলেন, "একজন হিন্দি ভাষায় কথা বলছেন। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।"

এদিকে এ বিষয়ে জানতে চাইলে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম মুক্তকণ্ঠকে বলেন, "এ বিষয়ে তিনি খোঁজ-খবর নিচ্ছেন।"