কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁকে নতুন একটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানোর আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে বর্তমান প্রেষণ পদ থেকে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট মোতাহের হোসেন কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এদিকে কারা অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। বার্তায় বলা হয়, “এটি একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বিগত দুই বছর কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন।”

কারা অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিরক্ষা শাখার উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনের নিয়োগ অনুমোদন করেছে সরকার।