আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি জানান।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, "সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে, ইতিহাসের মাহেন্দ্রক্ষণ।"

তিনি আরও জানান, আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর নির্বাচন কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোট প্রদান করবেন।