কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং ২৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (১৯ আগস্ট) ভোরে এই অভিযান পরিচালিত হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, "আমাদের কাছে তথ্য ছিল, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের ভেতরে একটি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে।"

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। অভিযানের এক পর্যায়ে একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে চক্রের সদস্যরা বোটটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি রাইফেল (ম্যাগাজিনসহ) এবং একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং জব্দ করা বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।