বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি অভিযানে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপে’র ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে তাদের কাছ থেকে ১১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি বল্লম, ১৩টি ইয়াবা, ৭টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ১২টি সিমকার্ড জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) ভোরে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুর পাড়া এবং হাটখোলা পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বাপ্পী হাসান (২১), মো. ইউসুফ প্রামাণিক (২২), মো. জালাল মণ্ডল (৩৮), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামাণিক (২৭), আকাশ প্রামাণিক (১৯), শুভ (২০), কাইয়ম প্রামাণিক (১৯), কাউছার হোসেন (২০) এবং ১৪ বছর বয়সী এক কিশোর।
স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত তিনটার দিকে তালপুকুর পাড়ায় অভিযান চালানো হয়। সেখানে বাপ্পী হাসানকে ২টি লোহার চাপাতি, ১৩টি ইয়াবা, ২টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ১টি সিমকার্ডসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে ভোর ৫টার দিকে হাটখোলা পাড়ায় অভিযান চালিয়ে মো. ইউসুফ প্রামাণিক (২২), মো. জালাল মণ্ডল (৩৮), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামাণিক (২৭), আকাশ প্রামাণিক (১৯), শুভ (২০), কাইয়ম প্রামাণিক (১৯), কাউছার হোসেন (২০) এবং ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে ৯টি লোহার চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি বল্লম, ৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়েছে। পরে জব্দ করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার বাপ্পী হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের একটি মামলায় হত্যাচেষ্টা, অপহরণ, মারধর, চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। এছাড়া জালাল মণ্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে মারধর, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে করা মামলাও রয়েছে।