বকেয়া বেতন, গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধ এবং বিনা নোটিশে ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শতাধিক শ্রমিক।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা প্রধান সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মুরাদপুর-অক্সিজেন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ যাত্রী এবং কর্মস্থলগামী মানুষ চরম ভোগান্তির শিকার হন।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব অবহিতকরণ ছাড়াই কারখানাটি বিক্রি করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে তাদের চাকরি থাকবে না বলেও জানানো হয়েছে। তবে চাকরি থেকে অব্যাহতির বিষয়ে শ্রমিকদের এক মাস আগে কোনো নোটিশ দেওয়া হয়নি।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে কারখানায় কর্মরত অনেক শ্রমিকের ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত বেতন ও গ্রাচুইটি বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন-ভাতাও নিয়মিত ও যথাসময়ে পরিশোধ করা হয়নি।
সড়ক অবরোধের খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।