কক্সবাজারের চকরিয়া পৌরশহরে এক বন্ধুর ঘুষির আঘাতে তারেকুর রহমান (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুলেরচরা এলাকার আবদুল মজিদের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজা জানান, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, তারেক বায়তুশ শরফ সড়কের একটি পানের দোকানে নিয়মিত সময় কাটাত। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যাওয়ার সময় সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তার কানের পাশে সজোরে ঘুষি মারে।

এসআই শফিকুল ইসলাম আরও জানান, ঘুষির আঘাতে তারেক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এই বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুম ছিদ্দিকী বলেন, "ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।"