সিঙ্গাপুরের শ্রমবাজারে দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীর অংশগ্রহণ বৃদ্ধি এবং শ্রম অভিবাসন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে সিঙ্গাপুর হাইকমিশনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক এবং সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি। এছাড়া বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো, শ্রমবাজারের পরিধি সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনার মতো বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বৃদ্ধি, কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।