নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বাস কাউন্টার পরিচালনা ও যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিআরটিসি কর্মীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বাইপাস মোড়ের একটি চায়ের দোকান এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাসে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে স্থানীয় বাস কাউন্টারের কর্মচারীদের মধ্যে প্রাথমিক বিরোধের সৃষ্টি হয়। বুধবার দুপুরে সেই বিরোধের সূত্র ধরে বিআরটিসি কর্মীদের সঙ্গে গোল্ডেন লাইন, পাবনা এক্সপ্রেস এবং নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিক-কর্মচারীদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এই কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ছয়জন রক্তাক্ত অবস্থায় আহত হন।
ঘটনার খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, "বর্তমানে পরিস্থিতি পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"