ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে উচ্চশব্দে গানবাজনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই ঘটনাকে পরাজিত ফ্যাসিবাদী শক্তির একটি প্রতিশোধমূলক অপচেষ্টা হিসেবে অভিহিত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, শিক্ষার্থীরা বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে নয়, বরং পরীক্ষার প্রস্তুতির কথা চিন্তা করে উচ্চশব্দে গানবাজনা বন্ধ বা সাউন্ড কমানোর অনুরোধ জানাতে সেখানে গিয়েছিল। তবে তাদের অনুরোধ শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ নির্বিচারে লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করে। এতে শিশু ও কিশোর শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন।

তিনি বলেন, "পুলিশের এমন ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

মাওলানা জালালুদ্দীন আহমদের মতে, পুলিশ প্রশাসনের অভ্যন্তরে বিগত ফ্যাসিবাদী শাসনের প্রতি অনুগত কোনো গোষ্ঠী এখনো সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ লাইনের ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে জালালুদ্দীন আহমদ বলেন, "কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"