ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক, তার স্ত্রী এবং তাদের দুই বছর বয়সী শিশুসন্তান।

কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোট নয়জন প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত কুষ্টিয়ার চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার সাংবাদিক দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাদের দুই বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।

নিহত দেবাশিস দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আজকের খবর ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট স্ত্রী ও সন্তানসহ কলকাতায় গিয়েছিলেন দেবাশিস দত্ত। সেখানে অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভ্রমণ ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করেন। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই.....’। তবে সেই ভ্রমণের কিছুকাল পরেই কলকাতার হোটেলের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তিনি, তার স্ত্রী ও শিশুসন্তান প্রাণ হারান।