বিয়ের মেন্যুতে ‘আস্ত খাসি’ না পাওয়াকে কেন্দ্র করে বরযাত্রীসহ ফিরে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়ে ওঠা জাপানপ্রবাসী জোনায়েদ মিয়া পুনরায় বিয়ের পিঁড়িতে বসেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা গেছে, জোনায়েদের নতুন স্ত্রী জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কনের মামা তাজু সরকারের বাড়িতে এই বিয়ের আয়োজন করা হয়।
জোনায়েদের ছোট ভাই পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। বিয়ের পর জোনায়েদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
উল্লেখ্য, নতুন বিয়ের দিন সকালেই নিজের ফেসবুক পোস্টে আগের ঘটনার জন্য কনেপক্ষকে দায়ী করে পাল্টা অভিযোগ তোলেন জোনায়েদ। তার দাবি, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে প্রায় ১০ গুণ বেশি কাবিন দাবি করে। এতে তিনি ও তার পরিবার রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
জোনায়েদের দাবি, "একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং কনের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠায় কনেপক্ষ।"
ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর কনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরে রাতে কনেপক্ষ বিয়ে সম্পন্ন করার অনুরোধ জানালেও তিনি তাতে সায় দেননি। এমনকি এ সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
এ ছাড়া টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন জোনায়েদ। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে সাবেক কনেপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিয়ের খাবারের মেন্যুতে ‘আস্ত খাসি’ না থাকা নিয়ে কনেপক্ষ ও বরপক্ষের দ্বন্দ্ব এবং পরবর্তীতে বিয়ে না করে জোনায়েদের ফিরে যাওয়ার ঘটনাটি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই রেষারেষি ও পাল্টা অভিযোগের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন এই তরুণ।