কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ও আহতরা আপন ভাই বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লার লাকসাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মাকছুদ। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শরীয়তপুর জামে মসজিদের সভাপতি কাশেম বেপারীর সেজো ছেলে। আহত দুজনও কাশেম বেপারীর ছেলে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কাশেম বেপারীর ছোট ছেলে মো. রাজু বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বুধবার বাড়ি থেকে রওনা হন। তাকে পৌঁছে দেওয়ার জন্য সেজো ভাই মো. মাকছুদসহ অপর এক ভাই সঙ্গে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে তারা কুমিল্লার লাকসাম এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই মো. মাকছুদ মারা যান।

দুর্ঘটনায় আহত অপর দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। নিহতের স্বজনেরা উপস্থিত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"