রাজশাহীতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের শনাক্ত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "চলন্ত ট্রেন থেকে তেল চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আসে। চুরির প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতেই এই তদন্ত কমিটি করা হয়েছে।"

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে ঈশ্বরদীগামী দুটি ওয়াগন যুক্ত করা হয়। এর আগে আন্তনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ারকারে জ্বালানি সরবরাহের জন্য ওয়াগন দুটি হরিয়ান স্টেশনে আনা হয়েছিল।

জ্বালানি সরবরাহ শেষ করে ওয়াগন দুটি ঢাকা মেইল ট্রেনের সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীর উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। অভিযোগ উঠেছে, ট্রেনটি হরিয়ান স্টেশনে যাত্রাবিরতি করার সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ওয়াগন থেকে তেল চুরি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনের ওয়াগনের কাছাকাছি কয়েকজন অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, ওয়েম্যানসহ সাতজন এই তেল চুরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলের কন্ট্রোল রুমের নজরে এসেছে।

তবে তাৎক্ষণিকভাবে ঠিক কী পরিমাণ তেল চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চুরিকৃত তেলের পরিমাণ, অভিযুক্তদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে নেওয়া আইনানুগ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।

রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত চিত্র সামনে এনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।