বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে এক ব্যতিক্রমী পাঠদান কর্মসূচি পরিচালনা করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠদান চলাকালীন শিক্ষার্থীরা ওসির সঙ্গে একাত্ম হয়ে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। এসময় মিলনায়তনে উপস্থিত ছাত্রীরা উচ্চস্বরে বলে ওঠে, “মাদককে না বলব, বিয়ের জন্য পাত্রী হতে চাই না, হতে চাই স্কুলছাত্রী।”

শিক্ষার্থীদের সাথে আলাপকালে ওসি রতন শেখ বাল্যবিয়ে থেকে নিজেকে রক্ষা করার উপায় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ইভটিজিং বা কোনো ধরনের হয়রানির শিকার হলে পরিস্থিতি সামলে দ্রুত শিক্ষক এবং পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি। এছাড়া অপ্রয়োজনে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।