অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পচা মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে বান্দরবানের মাইক্রোবাস স্টেশন সংলগ্ন 'হাজী নান্না বিরিয়ানি হাউজ'-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে প্রতিষ্ঠানটিতে এই অভিযান চালানো হয়।
বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে এক ভোক্তা ওই প্রতিষ্ঠান থেকে এক প্যাকেট খাসির বিরিয়ানি কিনে বাসায় নিয়ে যান। খাবার খাওয়ার সময় তিনি মাংসের ভেতর পোকা দেখতে পান। বিষয়টি নিয়ে তিনি প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবাদ করলে তাকে কয়েকটি প্যাকেট বিরিয়ানি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে তিনি তা গ্রহণ করেননি। পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন কর্মকর্তারা প্রতিষ্ঠানের রান্নাঘর, খাবার তৈরির স্থান ও সংরক্ষণাগার পরিদর্শন করেন। সেখানে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায়। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পচা মাংসের মধ্যে জীবাণুবাহী পোকামাকড় পাওয়া গেছে এবং একই ফ্রিজে পুরোনো কাঁচা মাংস সংরক্ষণ করা হচ্ছিল।
এছাড়া খাবার প্রস্তুত ও সংরক্ষণে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং পোড়া তেল ও ঘি ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। প্রতিষ্ঠানের কর্মচারীদের অনেকের ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানার ঘাটতি পরিলক্ষিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা বা পুরোনো খাদ্য সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।