মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। আহতদের পরিচয় পাওয়া গেছে— তারা ঢাকার সায়েন্সল্যাব-ধানমন্ডি এলাকার বাসিন্দা সুরিদ শাহরিয়ার (২৭) ও সাকিব শাহরিয়ার (২৮)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, "প্রাইভেটকারটি সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হয়ে আটকে পড়েন।"

পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল এবং গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।