খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয়দের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রাজুর বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু নগরের আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে আশপাশের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন তাঁকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের সময় ছেলেধরা সন্দেহে মারধর শুরু করে। এতে আশপাশের আরও লোকজন জড়ো হয়ে তাঁকে পিটুনি দিতে থাকে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রাজুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির মুক্তকণ্ঠকে বলেন, "রাজুর সঙ্গে থাকা শিশুটি তাঁর পরিচিত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজনের অনেকেই ঘটনাস্থল থেকে সরে যান। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"