আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ও নগদ অর্থ ঘুষ নেওয়ার অভিযোগে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ আগস্ট ‘আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে মুক্তকণ্ঠ। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজাকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নির্যাতন না করা এবং মামলা থেকে বাঁচানোর প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে একটি আইফোন এবং তিন লাখ টাকা ঘুষ গ্রহণ করেন এসআই মো. নেয়ামত উল্লাহ।

সূত্রমতে, সংবাদটি প্রকাশের পর প্রশাসন বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত চলাকালীন পুলিশ কর্তৃপক্ষ এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

এই প্রসঙ্গে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম মুক্তকণ্ঠকে বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এসআই নেয়ামত উল্লাহকে জেলা পুলিশ লাইনসে সিসি দিয়ে সংযুক্ত করা হয়েছে। এটি প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ।"