রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হওয়ায় প্রত্যেকের প্রত্যাশিত ওজন নেই বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সে কারণে নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মায়ের নাম তিশা খাতুন। তিনি রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম নয়ন ইসলাম। অস্ত্রোপচারের মাধ্যমে তিশার চারটি সন্তানের জন্ম হয়।
স্বজনেরা জানান, প্রসববেদনা উঠলে গতকাল সোমবার বিকেলে তিশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত তিনটার দিকে তাঁর অস্ত্রোপচার হয়। নবজাতকদের ২৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।
তিশার স্বামী নয়ন ইসলাম বলেন, ‘আল্লাহ আমাকে একসঙ্গে দুটি করে ছেলে ও মেয়ে দিয়েছেন। তারা যাতে সুস্থ থাকে, এটাই দোয়া করি। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়।’
হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, চারটি বাচ্চার মধ্যে দুজনের ওজন ১ কেজি করে। একটির ওজন ১ কেজি ১০০ গ্রাম, অন্যটি ১ কেজি ৩০০ গ্রাম। তিনি জানান, এটা প্রত্যাশিত ওজন নয়। দেড় থেকে দুই কেজি ওজন হলে কিছুটা স্বাভাবিক ধরা যায়, কিন্তু চারটি বাচ্চার ওজন স্বাভাবিক না। মুখপাত্র আরও বলেন, তারা নির্দিষ্ট সময়ের আগে ৩৪ সপ্তাহে জন্ম নিয়েছে। শারীরিক অবস্থা ভালো না, খারাপও না—এ জন্য চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার নবজাতকদের স্ক্যানু ইউনিটে স্থানান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের মুখপাত্র। তিনি বলেন, সাধারণত নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম নিলে বাচ্চাদের ফুসফুস কাজ করে না। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তবে এখনো বাচ্চাগুলো টিকে আছে। মুখে কোনো খাবার দেওয়া হয়নি; সিরাপের মাধ্যমেই যাচ্ছে।’