খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় অপহরণের সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাজু শিকদারের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, রাজু শিকদার রায়েরমহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল।

তবে এই দৃশ্য দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। এরপর কয়েকজন তাকে ‘অপহরণকারী’ আখ্যা দিয়ে গণপিটুনি দিতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, "প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"