সিলেট বিভাগে চা-শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চা-পাতা উপহার দিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক সন্তুকী রায়। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত ওই অনুষ্ঠানে চা-শ্রমিকদের পক্ষ থেকে তিনি এই উপহারটি তুলে দেন।
বেসরকারি খাতের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে তিনি ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।"
মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরও বলেন, "যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।"
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মাঝে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট প্রদান করবে।