চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এই নির্বাচনগুলো আয়োজন করতে আনুমানিক ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে। প্রস্তুতি শেষ হলে অর্থ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করে অগ্রাধিকার ভিত্তিতে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, তা নির্ধারণ করবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি অর্থবছরেই সব কটি নির্বাচন সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।"
বিগত ২০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, "বিগত ২০ বছরে দেশে কোনো টেকসই কাজ হয়নি। মনোযোগ ছিল কেবল মেগা প্রকল্প আর মেগা দুর্নীতি নিয়ে। আমরা দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেছি।"
গত ছয় মাসের সরকারি কার্যক্রমের বিষয়ে তিনি জানান, "আমরা রাতারাতি অলৌকিক কিছু দাবি করছি না। গত ছয় মাসের কাজে আমরা সন্তুষ্ট বা অসন্তুষ্ট—কোনোটাই নই। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"
পরিবেশ সংরক্ষণ ও ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন। সম্প্রতি রেল, সড়ক, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার ও ত্রাণ বিভাগ নিয়ে তিনি বৈঠক করেছেন। রাস্তার দুই পাশে দূর্বা ঘাস রোপণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঘাস লাগানো হলে বৃষ্টির পানিতে মাটি ধসে পড়া রোধ করা সম্ভব হবে, ফলে ব্লক ব্যবহারের মতো ব্যয়বহুল ব্যবস্থার প্রয়োজন কমবে বলে তিনি মনে করেন।
পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।