চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে সরকার। আজ তাঁদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আগামীকাল মঙ্গলবার থেকে এই বর্ধিত মেয়াদ কার্যকর হবে।

বিসিএস ১৯৮২ ব্যাচের এই দুই কর্মকর্তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি এমন সময়ে এলো যখন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জনপ্রশাসনে ব্যাপক রদবদল চলছে। ওই বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে ওএসডি করা হয় এবং অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তাদের পদায়ন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। গত দুই বছরে কয়েক দফায় সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং বিভিন্ন সংস্থার প্রধানের পদে বড় ধরনের পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, শুরুতে বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করলেও পরবর্তীতে অন্তর্বর্তী সরকারই সচিবসহ গুরুত্বপূর্ণ পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। ২০২৪ সালের ১৭ আগস্ট ১৯৮২ ব্যাচের ৫ জন সাবেক অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে কয়েকজনের দপ্তর পরবর্তীতে পরিবর্তন করা হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপি সরকার গঠনের ঠিক আগমুহূর্তে প্রশাসনের দুটি শীর্ষ পদে পরিবর্তন ঘটে। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া তিন দিনের ব্যবধানে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েন। সেই সময়ে চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন তাঁর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হলো।