ফেসবুকের জন্য ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরি করতে গিয়ে প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর শাওন মিয়া (৩২)। সোমবার বেলা ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা শাওন মিয়া দীর্ঘ সময় বিদেশে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফিরেছিলেন। দেশে ফিরে তিনি ফেসবুকে কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। মোটরসাইকেল চালানোর বিভিন্ন কৌশলের ভিডিও তৈরি করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন। বিশেষ করে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ দৃশ্যের ভিডিও তৈরি করা ছিল তাঁর অভ্যাসে।

পুলিশ জানায়, সোমবার সকালে মোটরসাইকেল চালানোর ভিডিও তৈরি করছিলেন শাওন। ভিডিওর প্রয়োজনে একপর্যায়ে তিনি মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দেন। কিছুদূর যাওয়ার পর ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং শাওন ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার বিকেলে স্বজনদের কাছে শাওনের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে মুক্তকণ্ঠকে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, "এ ঘটনায় কোনো মামলা হয়নি।"