লালমনিরহাটের কালীগঞ্জে এক ওমান প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম শাহ আলম, যিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি। স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবারের দাবি, ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শাহ আলমের। এই বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে শাহ আলম ও তার সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুরে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগম লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবার এই ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। তবে অভিযোগের বিষয়ে জানতে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে বা তার বাড়িতে পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক মুক্তকণ্ঠকে জানান, "বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"