কুমিল্লায় নাতনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের সংলগ্ন শাসনগাছা রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয় পাওয়া গেছে— মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার নাতনি জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
ঘটনা প্রসঙ্গে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মামুনুর রশিদ মুক্তকণ্ঠকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দাদি ও নাতনির মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নাতনি চাঁদনীকে চিকিৎসকের কাছে দেখাতে জোৎস্না বেগম মুরাদনগর থেকে কুমিল্লা শহরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে তারা রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় তারা দুজনই প্রাণ হারান।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পরিদর্শক সোহরাব হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "দুর্ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।"