রাজধানীর ডেমরা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম জানান, রাত আনুমানিক ১১টার দিকে ডেমরা থানার অদূরে সুফিয়া কামাল ব্রিজের নিচে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সাদ্দাম আরও জানান, নিহত সাইফুল ইসলাম একজন পাঠাও চালক ছিলেন এবং তাঁর বাড়ি নরসিংদী এলাকায়। মরদেহ বর্তমানে কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ১২টার দিকে ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় পুলিশ চেকপোস্টের পাশে একটি বালুর ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় রাসেল মিয়া (৩৫), রেজাউল করিম (২৫), মো. শাহজাহান (৩২) ও ফরহাদ (৪২) নামের চারজন আহত হন। তাঁদের রাত তিনটার দিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তিরা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।